মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে হুমায়ুন মাতুব্বর (৩০) নামে এক রাজমিস্ত্রির ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনদের।
রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হুমায়ুন মাতুব্বর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে।
স্বজনরা জানান, রবিবার রাত ৮টার দিকে মাদারীপুর শহর থেকে নিজবাড়ি লক্ষীগঞ্জে ফিরছিলেন হুমায়ুন মাতুব্বর। পূর্বশত্রুতার জেরে একই গ্রামের আল আমিন হাওলাদার ও তার বাবা আলমগীর হাওলাদার লোকজন নিয়ে হুমায়ুনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ডানহাত বিচ্ছিন্ন করে তারা।
হুমায়ুনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় হুমায়ুনকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহত হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে। ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা আরও বেশি খারাপ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে হুমায়ুনকে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা হুমায়ুনের ওপর হামলা চালিয়েছে, তাদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীর হাওলাদারের বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।









