স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিলেন আহত স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ১৭:৫৪আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৯:২৭

নারায়ণগঞ্জের বন্দরে নিজ ঘরে দিপালী রানি (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী শ্যামা চন্দ্র দাসকে (৪৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি হত্যাকারীকে শনাক্ত করে ঘটনার বর্ণনা দিয়েছেন স্বজনদের কাছে। সেই ঘটনার ভিডিও বাংলা ট্রিবিউনের কাছে এসে পৌঁছেছে।

এর আগে, শুক্রবার (১ মার্চ) সকালে বন্দর উপজেলার লেজারস এলাকায় ভাড়া বাড়ি থেকে দিপালী রানির লাশ উদ্ধার করা হয়। তার পাশে শুয়ে থাকা স্বামী শ্যামা চন্দ্র দাসও জখম হয়েছেন। তার গলা ও শরীরে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় নিহতের স্বজনরা জানান, আহত শ্যামা চন্দ্র দাস তাদের জানিয়েছেন বাড়ির কেয়ারটেকার ফরিদা বেগম তাদের মেরেছে। তার এই বক্তব্যের একটি ভিডিও রেকর্ড রয়েছে।

সেই ভিডিওতে আহত শ্যামা চন্দ্র দাসকে বলতে শোনা যায়, ‘রাতে বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠানে যায় আমার দুই মেয়ে মলি ও অথৈ। এই সুযোগে রাত তিনটার দিকে বাড়িওয়ালার বোন ও কেয়ারটেকার (ফরিদা বেগম) আমার বুকে এসে থাবা দিয়ে ধরে। পরে চাকু দিয়ে এই কাজ করেছে। বিছানার নিচে চাকু রেখে দিয়েছে।’

বিরোধের কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘টাকা দিই না বলে বাড়িওয়ালার বোন প্রায় সময় আমাদের বকাঝকা করতো। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য থ্রেট (হুমকি) দিতো।’

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের মেয়ে মলি দাস বলেন, ‘বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি ও ছোট বোন অথৈ বিয়েবাড়িতে যাই। সে কারণে ঘরের বাইরে দিয়ে ছিটকিনি লাগিয়ে চলে যাই। রাত প্রায় সাড়ে বারোটার দিকে বাড়িতে ফিরে বাতি না জ্বালিয়ে দুই বোন খাটে ঘুমিয়ে পড়ি। আর বাবা-মা প্রতিদিনের মতো নিচে বিছানা পেতে শুয়েছিল। শুক্রবার সকাল ৮টায় ঘুম ভাঙলে উঠে দেখি মায়ের রক্তমাখা নিথর দেহ পড়ে রয়েছে। তার শরীরে অনেক কোপের ক্ষত রয়েছে। এর পাশেই বাবা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কাছে গিয়ে দেখতে পাই তার নিশ্বাস চলছে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও সেখানে তার চিকিৎসা চলছে।’

হত্যার সঙ্গে বাড়ির কেয়ারটেকার জড়িত রয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই বাড়ির বাড়িওয়ালার বোন ফরিদা বেগম কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার সঙ্গে প্রায় সময় মায়ের ঝগড়া হতো। কিছু দিন আগেও রান্না করা নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়েছে। এ ছাড়া ঘর ভাড়ার টাকা নিয়েও ঝগড়া হয়েছে। তবে তাদের সব ভাড়া আমরা ইতোমধ্যে পরিশোধ করেছি। এই ঝগড়ার রেশ ধরে ফরিদা বেগম ও তার স্বামী মিলে আমার মা-বাবাকে কুপিয়েছে। মা বাড়িতে মারা গেছেন। আর বাবা হাসপাতালে আহত অবস্থায় এই ঘটনার কথা আমাদের জানিয়েছেন। আমি আমার মায়ের খুনিদের বিচার চাই।’

জানা গেছে, নিহত দিপালী রানি ওই এলাকার কাউসার মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী আহত শ্যামা চন্দ্র দাস পেশায় চর্মকার। তাদের সংসারে চার মেয়ে। তাদের মধ্যে বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। আর ছোট দুই মেয়ে তাদের সঙ্গে একঘরে বসবাস করেন।

এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন ফরিদা বেগম এবং তার ছেলে সিয়াম।

ঘটনাটি রহস্যজনক বলছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি খুবই রহস্যজনক। এটি একটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। আরও গভীর তদন্ত প্রয়োজন। তদন্ত শেষে প্রকৃত দোষীকে শনাক্ত করা যাবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম