গাজীপুরের বিসিক শিল্পনগরীর কোনাবাড়ী এলাকায় ফায়ার লাইসেন্স না থাকায় ও ফায়ার লাইসেন্সের শর্ত না মেনে কারখানা পরিচালনা করায় পাঁচ কারখানাকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৩ মার্চ) বিকালে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এ জরিমানা করেন।
কারখানাগুলো হলো-এআরকে নিটওয়্যার লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ, অ্যাপারেল সোর্সিং, এসএম সোর্সিং (গোডাউন) ও এমএম নিটওয়্যার লিমিটেড।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এআরকে নিটওয়্যার লিমিটেডকে ১১ হাজার, আলিফ এন্টারপ্রাইজকে ১১ হাজার, এসএম সোর্সিং লিমিটেডকে ১১ হাজার, কেআর কেমিক্যালকে ছয় হাজার এবং এমএম নিটওয়্যার লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাহেব আলী প্রমুখ।









