মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট বন্দরে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী কাজী স্বপন (৩৪) মারা গেছেন। সোমবার আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। স্বপন মিয়ারহাট বন্দরে কাজী টেইলার্সের মালিক। গুলিবিদ্ধ আরেক ব্যবসায়ী সোহেল মৃধা বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, রবিবার রাত দেড়টার দিকে কালকিনি উপজেলার মিয়ারহাট বন্দরে ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানে ডাকাতি ঘটনা ঘটে। বাধা দিতে গেলে তাদের গুলিতে ২ ব্যবসায়ী কাজী স্বপন ও সোহেল মৃধা গুরুতর আহত হন। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ মুনীরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ১৮ থেকে ২০ জনের একটি ডাকাতদল মিয়ারহাট বন্দরে ডাকাতি শুরু করে। তারা মৌসুমী জুয়েলার্স, আচল জুয়েলার্স ও শুভ জুয়েলারি থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এরপর নিজাম টেইলার্স ও ইসমাইল টেইলার্সসহ কয়েকটি দোকানে ডাকাতি শুরু করলে ব্যবসায়ীরা বাধা দেয়। এক সময় ডাকাতরা ব্যবসায়ী কাজী স্বপন ও সোহেল মৃধাকে গুলি করলে তারা গুরুতর আহত হন। টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার জানান, স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মিয়ার হাট বাজারের মাঠে একটি সমন্বয় সভা করা হয়েছে। এই ঘটনা উদঘাটনের জন্য যতো ধরনের প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
/এআর/








