সাভারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়াও অপর এক সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর ও আশুলিয়ার পুকুরপাড় এলাকায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত পরিচয় এক প্রতিবন্ধীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্টান্ডে গাবতলী থেকে ছেড়ে আসা জনসেবা নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওই বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের পুকুরপাড় এলাকায় ক্যাভার্ডভ্যান চাপায় কন্টিনেন্টাল গার্মেন্টস শ্রমিক পিয়ারী বেগম গুরুতর আহত হন। তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা স্থানীয় সড়কটি বন্ধ করে রাখে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দুর্ঘটনায় বিষয়গুলো নিশ্চিত করে বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।
/বিটি/টিএন/








