বিজয় মিছিলে এসে নিখোঁজ, ১৩ দিন পর মর্গে পাওয়া গেলো লাশ

শরীয়তপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২১:২৩আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২১:২৩

সরকার পতনের দিন বিজয় মিছিলে এসে নিখোঁজের ১৩ দিন পর হাসপাতালের মর্গে আল আমিনের (২৯) লাশ পেলেন স্বজনরা। শনিবার (১৭ আগস্ট) বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ খুঁজে পান পরিবারের সদস্যরা।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন আল আমিন। এরপর থেকে তার কোনও সন্ধান পাচ্ছিল না পরিবার। আল আমিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দক্ষিণ মগর গ্রামের ইসমাইল মীর মালত ও জিয়াসমিন বেগম দম্পতির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকতেন। চার মাস আগে দেশে ফিরে সাভারের বাইপাল এলাকায় বাবার সঙ্গে মুদি দোকান খুলে ব্যবসা শুরু করেন। রবিবার সকালে তার লাশ নিয়ে যৌক্তিক আহ্বান নামে শরীয়তপুরের একটি সংগঠন জেলা শহরে আসে। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।

আল আমিনের পরিবারের সদস্যরা জানান, ইসমাইল মীর মালত তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে সৌদি আরবে থাকতেন। আল আমিন ওই দম্পতির বড় ছেলে। এক বছর আগে আল আমিনের পরিবার দেশে আসে। চার মাস আগে ফিরে আসেন আল আমিন। দেশে ফিরে বাবার সঙ্গে সাভারের বাইপাল এলাকায় একটি মুদি দোকান খোলেন। এরপর বাবার সঙ্গে সে দোকানটি পরিচালনা করছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিলে যোগ দেওয়ার জন্য বিকাল ৪টার দিকে বাসা থেকে বের হন আল আমিন। এরপর বাসায় ফেরেননি। মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ৬ আগস্ট সেখানে তার মৃত্যু হয়। তবে পরিবারের সদস্যদের খুঁজে না পাওয়ায় অজ্ঞাত হিসেবে তার লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়।

গত শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ মাধ্যমে খবর দেখে আল আমিনের ছোট বোন আফলান সিনথিয়া ছুটে যান শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। মর্গে লাশ শনাক্ত করেন। রাতে লাশ নিয়ে বাড়ি পৌঁছান। রাতেই গ্রামের বাড়িতে জানাজা হয়। পরে যৌক্তিক আহ্বান সংগঠনের কর্মীরা লাশ নিয়ে আসেন জেলা শহরে। রাত ৩টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গের ফ্রিজে রাখা হয় লাশ। সকালে খবর পেয়ে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ও পুলিশ সুপার মাহবুবুল আলম সেখানে যান।

রবিবার বেলা ১১টার দিকে ওই সংগঠনের কর্মীরা লাশ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হন। তারা আল আমিনকে শহীদের মর্যাদা দেওয়া ছাড়াও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের নিয়ে আলোচনায় বসেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে আল আমিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়। 

আল আমিনের বোন আফলান সিনথিয়া বলেন, ‘আমরা ছোটবেলা থেকে সৌদি আরবে থাকি। দেশের রাজনীতি আমরা বুঝি না। আমার ভাই সেই নোংরা রাজনীতিতে পড়ে জীবন হারালো। বাবা-মায়ের ইচ্ছে ছিল ডিসেম্বরে তাকে বিয়ে দেওয়ার। সেই আশা আর পূরণ হলো না। আমরা ভাইকে হারিয়েছি। আমরা চাই তাকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয়। এ কারণে লাশ নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলাম।’

বাবা ইসমাইল মীর মালত বলেন, ‘আমরা পরিশ্রম করে জীবনযাপন করছিলাম। কেন আমাদের ওপর এমন বিপর্যয় নেমে আসলো? ছেলের লাশটা ১৩ দিন বেওয়ারিশ হয়ে হাসপাতালের মর্গে পড়ে ছিল। বাবা হিসেবে এর যন্ত্রণা কী, তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি ছেলে হত্যার বিচার কার কাছে চাইবো?।’

শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘ছেলেটির মৃত্যুর ঘটনায় আমরাও ব্যথিত। তার পরিবার ও একটি সংগঠনের কিছু দাবি তুলে ধরা হয়েছে। আইনের মধ্যে থেকে যা করা যায়, আমরা সেগুলো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছি। আর ওই পরিবারটির পাশে স্থানীয় প্রশাসন ও আমরা সবসময় থাকবো।’

/এএম/
সম্পর্কিত
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ঢাকা-সিলেট মহাসড়কে আবার দুর্ঘটনা, এবার এক পরিবারের তিন জনসহ নিহত ৪
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল