কৃষিবিজ্ঞানী ও জীব প্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বারির পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহাপরিচালকের প্রটোকল অফিসার হাসান হাফিজুর রহমান।
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে উদ্ভিদ প্রজনন বিভাগ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন।
তিনি ইউনিভার্সিটি অব ডান্ডি, স্কটল্যান্ড, ইউকে থেকে জিন এডিটিংয়ের ওপর উচ্চতর গবেষণা করে পিএইচডি ডিগ্রি এবং সায়েন্স অ্যান্ড অ্যাডভাইস ফর স্কটিশ অ্যাগ্রিকালচার, স্কটল্যান্ড, ইউকে থেকে জিন সায়েল্যান্সিংয়ের ওপর পোস্ট ডক্টরাল রিসার্চ ডিগ্রি অর্জন করেন।









