সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এমন রাজনীতি করলেন, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। আপনি বলতেন, উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন, বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, সেই রাজপথ দিয়ে গাড়িটা চালিয়ে আপনি যেতে পারলেন না।’
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘দেশকে স্বৈরাচারমুক্ত করতে হাজার খানেকের মতো আমাদের কলিজার টুকরো জীবন দিয়েছেন। এখানে কোনও দল-মত নেই। কোনও ধর্ম নেই। সব ধর্মের মানুষ আন্দোলন করেছেন এবং সব ধর্মের মানুষই মারা গেছেন। আন্দোলনে শহীদদের কোনও দলের সম্পত্তি বানানো যাবে না। তারা জাতির সম্পদ, জাতীয় বীর। আমরা তাদের সেই মর্যাদায় দেখতে চাই। তাদের নিয়ে কোনও দল যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি।’
আহতদের চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, ‘যাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। দুই-একটা দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। অনেকে আগ্রহ দেখিয়েছেন। এই কাজে সবাই এগিয়ে এলে আহতদের উপকার হবে। যারা এগিয়ে আসবেন, তাদের আমরা গ্রহণ করবো।’
জেলা জামায়াতের আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। এতে বক্তব্য রাখেন ধনবাড়ীর নিহত একরামুল হক সাজিদের বাবা জিয়াউল হকসহ আহত এবং নিহতদের স্বজনরা।









