নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নিট কম্পোজিট কারখানায় আগুনে পুড়ে গেছে মজদুকৃত সুতা, কাপড় ও মেশিনারিজ। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
রবিবার রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়ায় ‘ভিবজিউর নিট কম্পোজিট’ কারখানায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে হঠাৎ করে কারখানার গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন গুদামে থাকা সুতা ও কাপড়ে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় মেশিনগুলোও।
কারখানার চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান জানান, আগুনে সুতা, কাপড় ও অনেকগুলো মেশিন পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক বেলালউদ্দিন জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
/এসটি/








