গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আকতার মোল্লা (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আকতারের দুই ভাই ইকতার মোল্লা (৪৫) ও ইলিয়াস মোল্লা (৪০) আহত হয়েছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফায়েক মোল্লা (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আকতার মোল্লার বাড়ি মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে।
রবিবার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, আকতারের ছোট ভাই ইকতার মোল্লার (৪৫) সঙ্গে তার ভায়রা একই গ্রামের বিল্লাল মোল্লার বিরোধ ছিল। এর জের ধরে রাতে আকতার, ইকতার ও তাদের আরেক ভাই ইলিয়াস মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিল্লাল ও তার লোকজন ৩ ভাইকে মারধর করলে ঘটনাস্থলেই আকতার মারা যান। এ সময় আহত হন তার দুই ভাই।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফায়েক মোল্লা নামে বিল্লালের এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর/








