ফরিদপুরে শহরের হাজি শরিয়াতুল্লাহ বাজারে অভিযান চালিয়ে বাজার মনিটরিং কমিটি। বাজারে অভিযান দেখে দোকান রেখে পালিয়েছেন এক ডিম ব্যবসায়ী। পরে তার দোকানটি বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার (১১ অক্টোবর) ওই বাজারে অভিযান চালানো হয়।
জানা গেছে, কাঁচা বাজার, ডিম, মুরগি ও মাংসের দোকানে অভিযান চালান বাজার মনিটরিং কমিটি। অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী দোকান ছেড়ে পালিয়েও যান। এ সময় দোকান ছেড়ে পালানোর অপরাধে এক ডিম ব্যবসায়ীর দোকান বন্ধ করার নির্দেশ দেন জেলা প্রশাসক। পরে ওই ডিম ব্যবসায়ীকে ডেকে এনে জেরা করেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
বাজার মনিটরিং শেষে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘অসৎ, চোরাকারবারি, সিন্ডিকেট যারা বাজারকে অস্থিতিশীল করে, তাদের কিন্তু শান্তি নেই। আমরা ডিসি-এসপি নতুন আসছি, নতুন বাংলাদেশের ডিসি-এসপি। আমরা নতুনভাবে শুরু করেছি, প্রত্যেকে কাজ করতে এসেছি, মন থেকে, প্রাণ থেকে মানুষের জন্য।’
তিনি বলেন, ‘কারও কাছে ডিসি-এসপি জিম্মি হবে না, সিন্ডিকেটের কাছে জিম্মি হবে না। সরাসরি বাজারে আসবো, অসঙ্গতি দেখলে সরাসরি অ্যাকশন নেওয়া হবে, কোনও মাফ নেই। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, যেখানে সিন্ডিকেট পাওয়া যাবে, যারা দ্রব্যমূল্যের অস্থিতিশীল করছে, তাদের শনাক্ত করবো এবং সরাসরি আইনের আওতায় আনবো। আমরা সিন্ডিকেট ভাঙতে এসেছি।’
বাজারে অভিযান পরিচালনার সময় পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সালাউদ্দিন, কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফরিদপুরের সহকারী পরিচালক সোহেল শেখসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









