গাজীপুরের শ্রীপুরে মীর সিরামিক কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৭ নভেম্বর) কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) শহীদুজ্জামান শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে বুধবার (০৬ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ওই কারখানার ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ করা হয়।
অভিযুক্তরা হলেন- শ্রীপুর উপজেলার ফরিদপুর মাওনা উত্তরপাড়া গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সামছুদ্দিনের ছেলে ফয়জুল, তার ভাই জুয়েল, তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মোবারকের ছেলে শেখ ফরিদ, আবুল কালামের ছেলে হৃদয়, মাওনা উত্তরপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে নাঈম, সুরুজ মিয়ার ছেলে সুমনসহ অজ্ঞাত নামা ৪০-৫০ জন।
মীর সিরামিক কারখানার সহকারী মহাব্যবস্থাপক শহীদুজ্জামান বলেন, ‘মাওনা উত্তরপাড়া এলাকায় কারখানার মালিকানাধীন ক্রয়কৃত জমি আছে। বুধবার দুপুর ১২টায় আতাউর রহমান মোল্লা ও ফয়জুলসহ তাদের সহযোগীরা ওই জমি দখলের চেষ্টা করেন। তারা ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করেছেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মকর্তা দিলীপ কুমার রাজবংশী, নিরাপত্তা প্রহরী আশরাফুল, ওয়াজেদ, ইকবাল এবং কর্মচারী আলাউদ্দিন তাদের বাধা দেন। তখন তাদের মারধর করা হয়। আলাউদ্দিনের মাথায় আঘাত লেগে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বাকিরা ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।’
জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। বুধবার বিকালে আমি ফেসবুকে জমি দখলের চেষ্টায় হামলার-পাল্টা হামলার বিষয়ে জানতে পেরেছি। আমি শুনেছি ওই জমি নিয়ে ফয়জুল এবং তার চাচাতো ভাই কাজলের মধ্যে বিরোধ আছে। দখলের সঙ্গে আমি জড়িত নই।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর জানা যাবে জমির প্রকৃত মালিক কে।’









