ঢাকার সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্টে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। এর আগে মঙ্গলবার রাত ৮টা থেকে আজ ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের ছোনগাছা থানার মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২), আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)।
এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ছাড়া রানা মিয়ার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির পাঁয়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









