বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টার করে ভারতে চলে গেলো। সেই শেখ হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে। কোনও ষড়যন্ত্রে কাজ হবে না। দেশের লোকদের (আওয়ামী লীগের নেতাকর্মীদের) অডিও-ভিডিও বার্তায় তিনি বলেন “তোমরা অস্থির হইও না, আমি যেকোনও সময় ঢুকে পড়ব”। আরে, আপনি ঢুকে পড়ে দেখেন, জনগণ আপনার কী করে। ৫ আগস্ট হেলিকপ্টারে তার বোন রেহেনাকে নিয়ে পালিয়ে না গেলে গণভবনে লাখ লাখ মানুষ যেভাবে প্রবেশ করছিল, আপনার যে কী অবস্থা হতো, এ দেশের জনগণ- জাতি ও দুনিয়া দেখতে পেতো।’
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে সব খুনের মাস্টারমাইন্ড উল্লেখ করে সভায় গোলাম পরওয়ার বলেন, ‘লগি–বইঠার আমল থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার। মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদ বিদায় হবে না, কেননা ১৫-১৬ বছর তো আন্দোলন হলো, তাতেও তাড়ানো গেলো না অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা দেশ থেকে পালালো। হাসিনা ভেবেছিল, তারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, মানুষ মনে করেছিল ৪১ সাল কতদূর, কিন্তু শেখ হাসিনার ইচ্ছা পূরণ হয়নি।’
তিনি রাজবাড়ীবাসীর উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ সরকার জোড় করে ক্ষমতায় থেকেও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতু করতে পারেনি, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এই স্বপ্নের সেতুটি নির্মাণ করবে। দেশের জনগণ যদি আমাদের চায় তাহলে আমরা ক্ষমতায় আসবো, জনগণ না চাইলে আসবো না।’
কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুর অঞ্চলের পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।









