গাজীপুরের শ্রীপুরে এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড (সোয়েটার) কারখানার চাকরিচ্যুত ৫৬ জন শ্রমিককে পুনর্বহাল অথবা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর চিঠি ইস্যু করা হয়। তবে এখনও ওই কারখানা কর্তৃপক্ষ এরকম কোনও চিঠি পাননি বলে জানিয়েছেন মানবসম্পদ ও প্রশাসন (এইচআর অ্যাডমিন) বিভাগের প্রধান।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিজিএমইএ এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানা কর্তৃপক্ষকে এ চিঠি দেয়। এর আগে ৫৬ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল অথবা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিজিএমইএ সভাপতি বরাব আবেদন করেন আমিরুল।
আমিরুল হক আমিন লিখিত আবেদনে উল্লেখ করেন, কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন সময় বকেয়া বেতন-ভাতা না দিয়ে এলাকার মাস্তানসহ শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক অব্যাহতিপত্র নিয়ে বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর রেখে চাকরিচ্যুত করে আসছে। গত ২০ ফেব্রুয়ারি কারখানার জ্যাকার্ড (নিটিং) সেকশনে কর্মরত শ্রমিক-কর্মচারীরা রমজান মাসে ইফতারের টাকা, ইফতারের সময় মেশিন বন্ধ রাখা এবং কোয়ালিটি বোনাস কম দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জানান। শ্রমিকরা বিষয়টি সমাধানের দাবি জানান। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো দীর্ঘ সময়েও সমাধান করেনি। গত ২৭ ফেব্রুয়ারি কারখানার অংশগ্রহকারী (পিসি) কমিটির সদস্য আব্দুর রহমান রাজুসহ কয়েকজন শ্রমিক ওই সকেশনের উৎপাদন ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করার জন্য যান। তারা শ্রমিকদের দাবিগুলো না শুনে আলোচনার জন্য আসা শ্রমিকদের হুমকি দেন। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অশোভন আচরণের প্রতিবাদ এবং সমস্যার সমাধানের দাবিতে জ্যাকার্ড সেকশনের কর্মচারীরা ২৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন। ১ মার্চ শ্রমিক-কর্মচারীরা কাজে যোগদান করতে গেলে কারখানার গেটে জ্যাকার্ড সেকশন বন্ধের নোটিশ দেখতে পান। সেইসঙ্গে ৮৮ জন শ্রমিকের ছবিসহ ছাঁটাই তালিকা টানিয়ে দেওয়া হয়। যা সম্পূর্ণ বেআইনি ও শ্রম অধিকার লঙ্ঘন।
লিখিত আবেদনে তিনি আরও উল্লেখ করেন, এসব বিষয়ে ৪ মার্চ কিছু নামধারী শ্রমিকনেতা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করবে এবং সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বিজিএমইএকে নিয়ে একটি সমঝোতা চুক্তি করে। শ্রমিকদের অধিকার লঙ্ঘন হওয়ায় ওই চুক্তি শ্রমিকরা প্রত্যাখ্যান করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরণের সামিল।
এসকিউ সেলসিয়াস লিমিটেড কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জয়নাল আবেদীন বলেন, ‘আমরা আজ রবিবার বিকাল ৪টা পর্যন্ত বিজিএমইএ থেকে এ ধরনের কোনও চিঠি পাইনি।’
এ বিষয়ে এসকিউ গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) নিয়াজ এলাহী খানকে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় শুনে সংযোগ কেটে দেন। পরবর্তীতে আবার কল রিসিভ করেননি।









