গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখ করে, সেইসঙ্গে আরও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার টুঙ্গিপাড়া থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান সুষেন সেন সহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, গোপালপুর ইউনিয়নের নির্বাচন শেষে পুলিশের গাড়িতে নির্বাচনি মালামাল নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা রিটার্নিং অফিসে যাচ্ছিলেন উপ-পরিদর্শক(এসআই) গণেশ বিশ্বাসসহ বেশ কয়েকজন পুলিশ। গাড়িটি গোপালপুর বাজারের কাছে পৌঁছুলে স্থানীয় লোকজন তাদের বাধা দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ ঘটনায় এসআই গনেশ বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
/এইচকে/








