গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় একটি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটি একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
রবিবার (০১ জুন) বেলা ১১টার দিকে সাইনবোর্ডের রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে টিফিনের বিরতিতে কারখানার পানি পান করলে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময়ে অন্য শ্রমিকরা তাদের স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর কারখানাটিতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেছিলেন। পরে কয়েকজন পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। একে একে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষের সহায়তায় তাদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অনেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তবে এখনও ৫৬ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসাধীন দেওয়া হচ্ছে।’
কারখানার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. রাজন বলেন, ‘আমাদের কারখানায় দুই হাজার ৮০০ শ্রমিক কর্মরত। আজ হঠাৎ শ্রমিকরা পানি পানের পর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে অনেকে চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। অন্যদের হাসপাতালে রেখে কারখানার ব্যবস্থাপনায় চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে কী কারণে কেন এবং এমন ঘটনা ঘটেছে, তা এখনও বলতে পারছি না।’
তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫৬ জন শ্রমিক এখনও চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১১ জন অন্তঃসত্ত্বা নারী শ্রমিককে গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। শ্রমিকদের সবাই পেট ব্যথা ও বমিতে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন কারও অবস্থা গুরুতর নয়।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করেছে কারখানা কর্তৃপক্ষ।’









