নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্পাঞ্চলে রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স গ্রুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কাপড়সহ মূল্যবান অনেক যন্ত্রাংশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। সিনহা গার্মেন্টের পরিচালক সাজ্জাদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর কারখানায় সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, সিনহা ওপেক্স গ্রুপের কারখানার ‘ওয়েভিং’ বিভাগে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেক মেশিন ও মজুদকৃত কাপড় পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কারখানা ছুটির কারণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিকালে সিনহা গার্মেন্টের পরিচালক সাজ্জাদ হোসেন কারখানার মূল ফটকের বাইরে এসে সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ করতে পারিনি। এ ব্যাপারে পরে জানানো হবে।’
/বিটি/এইচকে/








