প্রায় ৬শ’ কিলোমিটার পদযাত্রা শেষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৪ সদস্যের একটি দল।
এ দলের নেতৃত্বে রয়েছেন হাটহাজারী পৌর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ক্ষুদ্র ব্যবসায়ী হারুন-অর রশিদ । সঙ্গে আছেন তার মেয়ে হাটহাজারী স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা রশিদ রিমি, হাটহাজারী কলেজের প্রথম বর্ষের ছাত্র সালাউদ্দিন ও একই এলাকার অপর এক ক্ষুদ্র ব্যবসায়ী ইব্রাহীম রানা।
গত ১৪ মার্চ চট্টগ্রামের হাটহাজারী থেকে চার সদস্যের দলটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ওই চারজন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পদযাত্রা শেষ করেন। শনিবার সকালে এ দলের হারুন-অর রশিদ ও তার মেয়ে স্কুল ছাত্রী হুমায়রা রশিদ রিমি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর পদযাত্রার দলনেতা হারুন-অর রশিদ বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে আমাদের অগ্রজরা মুক্তিযুদ্ধ করেছেন। ৭১ সালে সময় আমার বয়স ছিলো ১১ বছর। আমি যুদ্ধে অংশ নেইনি, কিন্তু যুদ্ধ দেখেছি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি। স্বাধীনতা দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই আমরা পায়ে হেঁটে হাটহাজারী থেকে টুঙ্গিপাড়া এসেছি।
পদযাত্রা দলের এই দলনেতা আরও বলেন, হাটহাজারী থেকে টুঙ্গিপাড়া আসার পথে বিভিন্ন স্থানে যাত্রা বিরতি করেছি। সবাই আমাদের সহযোগিতা করেছেন। তাদের আতিথেয়তা ও আন্তরিকতায় আমরা ধন্য হয়েছি।
পদযাত্রা দলের কনিষ্ঠতম সদস্য স্কুল ছাত্রী হুমায়রা রশিদ রিমি বলে, পাঠ্যপুস্তকে জাতির পিতা বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দর্শন সম্পর্কে জানতে পেরেছি। তিনি সীমাহীন কষ্ট করে আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ রেখে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমিও বাবার সঙ্গে পায়ে হেটে টুঙ্গিপাড়া এসেছি।
/এইচকে/








