নরসিংদীর পলাশে ব্যাংক থেকে জালিয়াতি করে রেমিট্যান্স উত্তোলন করার সময় ফারুক নামে এক ব্যক্তিকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। রবিবার দুপরে পূবালী ব্যাংকের পলাশ শাখায় এ ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
আটক ফারুক পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
পূবালী ব্যাংকের পলাশ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান জানান, একটি বিশেষ জালিয়াত চক্র দীর্ঘদিন ধরেই নকল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিদেশ থেকে গোপন নম্বরে পাঠানো টাকা (রেমিট্যান্স) বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে আসছে।
পূবালী ব্যাংকের এই ব্যবস্থাপক আরও জানান, রবিবার দুপরে কুয়েত থেকে পাঠানো আল আমিন নামে এক ব্যক্তির নকল জাতীয় পরিচয়পত্র নিয়ে ৫০ হাজার টাকা উত্তোলন করতে গিয়ে ব্যাংকের কর্মকর্তা জুয়েল ও মেহেদী হাসানের হাতে ধরা পড়েন ফারুক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ফারুক জানান, কুয়েত থেকে জুয়েল নামে এক ব্যক্তি তাকে রেমিট্যান্সের গোপন নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের বিষয়টি জানান।
এদিকে, জালিয়াতির দায়ে অভিযুক্ত ফারুক এ পর্যন্ত পলাশ উপজেলার বিভিন্ন ব্যাংক থেকে জালিয়াতি করে মোটা অংকের টাকা উত্তোলন করে নেয় বলে অভিযোগ করেন অগ্রণী ব্যাংকের পলাশ শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান।
অগ্রণী ব্যাংকের এই ব্যবস্থাপক আরও জানান, আটককৃত ব্যক্তি গত ২১ মার্চ অগ্রণী ব্যাংকের পলাশ শাখা থেকে নকল পরিচয়পত্র ব্যাবহার করে ২১ হাজার টাকা উঠিয়ে নিয়েছে। পরে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হতে পেরেছি।
ওসি জানান, আটককৃত ফারুক জালিয়াতির মাধ্যমে বৈদেশিক রেমিট্যান্সের টাকা উত্তোলন চক্রের একজন সদস্য। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।
/এইচকে/








