গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাসার নিরাপত্তা রক্ষী ও গৃহকর্ত্রীকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল সেট ও দামি কাপড়-চোপড় লুট করে নিয়ে গেছে।
বাড়ির মালিক ডা. শামসুল আলম বুলবুলের স্ত্রী কাজী রোকশানা পারভীন জানান, বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক ব্যক্তি কয়েকদিন আগে বাসা দেখতে আসে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি বাসা ভাড়ার অগ্রীম টাকা দিতে আসেন। এসময় ওই ব্যক্তি মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলে। কিছুক্ষণের মধ্যে ৭-৮ জন লোক তাদের ফ্ল্যাটে প্রবেশ করে। কোনও কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা পিস্তল ও চাপাতি নিয়ে তাকে ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। ডাকাতরা তার ঘরের আলমারি, ওয়ারড্রপ, বিছানাপত্র তছনছ করে। ড্রেসিং টেবিলের ভেতর থেকে তার নিজের ও বোনের প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, মোবাইল সেট ও দামি কাপড় চোপর নিয়ে যায়।
তিনি জানান, ডাকাতরা চলে যাওয়ার পর তিনি কৌশলে তার বাঁধন খুলে চিৎকার করে নিচে নেমে দেখেন বাড়ির নিরাত্তারক্ষী আব্দুর রহমান (৬৫) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গাড়ির গ্যারেজের এক কোণে পড়ে আছেন। ৬তলা বাড়ির তিন তলায় ডা. শামসুল আলম বুলবুল তার স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
/এসটি/








