গাজীপুরের শ্রীপুরে এক রাতে চার কৃষকের গোয়ালঘর থেকে দুটি গাভিসহ ১২টি গরু চুরি হয়েছে। এতে ওসব কৃষকের ১১ লাখ ৯০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে চুরির ঘটনায় একজন কৃষকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। ভুক্তভোগী কৃষকরা হলেন- সিংগারদিঘী গ্রামের শফিকুল ইসলাম বাবুল, মাজহারুল ইসলাম লিটন, এনামুল হক এবং জামাল মিয়া।
মাজহারুল ইসলাম জানিয়েছেন, দুটি গর্ভবতী গাভি, একটি ষাড় এবং একটি বাছুর চুরি হয়েছে তার। গরুগুলোর মূল্য দুই লাখ ৯০ হাজার টাকা। শফিকুল ইসলাম জানিয়েছেন, একটি ষাঁড়, একটি গাভি ও চারটি বাছুর চুরি হয়েছে তার। যার মূল্য প্রায় চার লাখ টাকা। এনামুল হক জানান, এক লাখ টাকা মূল্যের দুটি ষাঁড় চুরি হয়েছে। জামাল মিয়া জানান, দুটি গাভি গোয়ালঘর থেকে চুরি হয়। যার মূল্যে এক লাখ ১০ হাজার টাকা।
স্থানীয় খামারি ও কৃষকরা জানিয়েছেন, সম্প্রতি প্রতি রাতেই গ্রামে ব্যাপক হারে গরু চুরি হচ্ছে। চোরেরা প্রায় রাতেই কোনও না কোনও কৃষকের বাড়িতে এবং খামারে হানা দিচ্ছে। চুরির পর পিকআপে করে ওসব গরু নিয়ে যাচ্ছে। চুরি বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন কৃষকরা।
ওসি আব্দুল বারিক বলেন, ‘গরু চুরির বিষয়ে একজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। একজন খামারি বা কৃষক অনেক কষ্ট করে গরু লালন পালন করেন। চুরি হয়ে গেলে তারা নিঃস্ব হয়ে যান। তাই তাদের সতর্ক থাকতে বলেছি। পাশাপাশি পুলিশ টহল বাড়ানো হয়েছে।’









