ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তিত জারি করে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।
মোহা. ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনও ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসন জানায়, নির্বাচনের সময়ে অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি এড়াতে এবং ভোটের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরের বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পট রয়েছে।








