সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, তার পুরোটাই মানতে হবে: জামায়াত আমির

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮

জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, ‘সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এটার পুরোটাই মানতে হবে। এর কোনও খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চাই না আমরা।’ রবিবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়ক দুর্ঘটনা ও অসুস্থ হয়ে মারা যাওয়া দলের দুই কর্মীর স্বজনদের সঙ্গে দেখা করতে সকালে কিশোরগঞ্জে আসনে জামায়াতের আমির।

শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে। সংসদে একটা দল সরকারি দল হিসেবে, আরেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনও গাড়ি চলে না, মিনিমাম দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা তো জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান হবে ক্লিয়ার।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘তারেক সাহেব কী নিয়ে আলাপ করবেন, এটা উনার মনের ব্যাপার। আমি তো উনার মনের ব্যাপার বলতে পারবো না। উনি যদি আমার সঙ্গে আলাপ করেন, দেশ এবং জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমরা আলাপ করবো।’

শফিকুর রহমান বলেন, ‘সংসদ চলতে হলে তো সরকারি দল ও বিরোধী দল লাগবে। সরকারি দল, বিরোধী দল হাতে হাত রেখে চলবে, যদি দেশ সঠিক পথে চলে। যদি বেঠিক পথে চলে, তাহলে ওই চাকা চালাবো না।’ 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পার্টি তো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। এরা তো এখন ভূগোলে নাই। কেন নাই? তারা (জাতীয় পার্টি) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। এখন তারা শুধু ভোটের জগৎ থেকে যায়নি, জনগণের মন থেকেও উঠে গেছে। এটা ওই কারণে—তারা জনগণের স্বার্থ রক্ষা করেনি। জামায়াতে ইসলামী ওই ভুল করবে না।’

এর আগে সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের স্মরণসভায় তিনি বলেন, ‘সাধারণ মানুষকে সম্মান করা আমার ইমানি দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের সেই ঘামকে সম্মানের চোখে দেখি, ভালোবাসার সঙ্গে গ্রহণ করি।’ 

তিনি আরও বলেন, ‘আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই। একদল হলো নিষ্পাপ শিশু, যাদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। আরেক দল হলো দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন।’

জামায়াতের আমির আরও বলেন, ‘আমি কোনও ধনী পরিবারে জন্ম নিইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।’ স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জামায়াতের সমর্থক শাহ আলম (৫০) মারা যান।

ইটনার স্মরণসভা শেষে জামায়াতের আমির সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যান। এর আগে সকাল ৮টার দিকে তিনি সড়কপথে কিশোরগঞ্জ শহরে পৌঁছান।

৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী আব্দুস ছালাম (৬০) নিহত হন।

জামায়াতের আমিরের কিশোরগঞ্জ সফরের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূঞা, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী, ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিশে শুরা সদস্য রোকন রেজা শেখ প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির
আরও বড় হলো মন্ত্রিসভার কলেবর: বিরোধীদল যা বলছে
‘চুপ থাকতে টাকা-চাকরি দিতে চেয়েছিলেন’, গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের অভিযোগ
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল