সাভারে কালাম মিনা (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই দোকানির লাশে আগুনে দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরের দিকে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত কালাম মিনা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, কালাম মজিদপুর এলাকায় ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকানে ছিলেন। শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরেননি। সকালে দোকানের পাশের একটি মাঠে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। শনিবার রাতে কোনও একসময় ওই দোকানিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’









