গাজীপুরে ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলার মির্জাপুর এলাকার ওই রিসোর্টে অভিযান চালানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ছিলেন। ওই সময় সেখানে একটি ডিজে পার্টি চলছিল।
গ্রেফতারকৃতরা হলেন- রাজধানীর গুলশান-২-এর বাসিন্দা জাহিদুল আলম জয় (৩৪), বাড্ডা এলাকার রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), কাফরুল এলাকার ফয়জুল ইসলাম খান লাবিব, বসুন্ধরা আবাসিক এলাকার আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) এবং গাজীপুরের বাঘের বাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান ‘আর্ট এক্স’ ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে ওই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১টি বিয়ার ও ৩ বোতল ভোদকা আলামত হিসেবে জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আরিফ হোসেন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন অভিযানের বিষয়টি জানিয়েছেন।
গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে রিসোর্টে অভিযান শুরু হয়। রিসোর্টের কনফারেন্স কক্ষের সামনে চলমান ডিজে পার্টি এবং পরবর্তীতে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ছয় জনকে গ্রেফতার করা হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক আরও জানান, জাহিদুল আলম জয় ডিজে পার্টির জন্য রিসোর্টটি ভাড়া নেন। পার্টি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনও ধরনের অনুমতি নেওয়া হয়নি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩৫ জন, র্যাব-১-এর ২০ জন এবং জয়দেবপুর থানার ১৫ জন পুলিশ সদস্যসহ ৭০ জনের একটি দল অংশ নেয়।’








