নরসিংদীর রায়পুরায় সিঁধ কেটে ঘরে ঢুকে তাজু মিয়া (৩৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মরিয়ম বেগম (২৬)। রবিবার গভীর রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে রায়পুরা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গুরুতর আহত মরিয়ম বেগমকে নরসিংদী শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ২/৩ জনের একদল দুর্বৃত্ত সিঁধ কেটে আমিরাবাদ গ্রামের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী তাজু মিয়ার ঘরে ঢোকে। এ সময় ঘুমন্ত অবস্থায় গৃহকর্তা তাজু মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাজু মিয়ার মৃত্যু হয়।স্বামীকে বাঁচাতে গেলে গৃহবধূ মরিয়ম বেগমকেও কুপিয়ে আহত করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, সিঁধ কেটে চুরি করতে গিয়ে চোরদল গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয়রা আহত গৃহবধূ মরিয়ম বেগমের বরাত দিয়ে জানান, হত্যার ঘটনা ঘটলেও ওই ঘর থেকে কোনও মালামাল খোয়া যায়নি।
/বিটি/এজে/








