নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ আবদুল জব্বারের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমিরের দায়িত্বে রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মেয়র প্রার্থী ঘোষণা করে আমির ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের দল জামায়াতে ইসলামী প্রার্থী দেবে। আমরা আপনাদের কাছে সেরকম একটা মানুষ উপহার দিতে যাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জাব্বার কিশোর জীবন থেকে তিলে তিলে যিনি সৎ চরিত্র ধারণ করেছেন, যার চোখে ও স্বপ্নে মানুষের কল্যাণ- সেই আপনাদের প্রিয় জননেতা মওলানা আব্দুল জাব্বারকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছি।
সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে জনগণ জামায়াতের প্রার্থীকে বিজয়ী করবে উল্লেখ করে তিনি বলেন, অনেক দল প্রার্থী ঘোষণা করেছে, আরও অনেক দল প্রার্থী ঘোষণা করবে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। তবে আগামীতে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে নারায়ণগঞ্জের মানুষ সৎ, দক্ষ, যোগ্য ও খোদা ভিরু মানুষকে জনগণ নির্বাচিত করবে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









