ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ঈশ্বরের আশীর্বাদ লাভের প্রত্যাশায় হাজার হাজার ভক্ত এতে অংশ নেন। রথযাত্রাকে ঘিরে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের দাবি, প্রায় আড়াইশ বছরেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জে রথযাত্রা পালিত হয়ে আসছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে শহরের দেওভোগ এলাকার ইসকন রাধাগোবিন্দ মন্দিরে আলোচনা সভার পর শহরের বিভিন্ন মন্দিরের রথ একত্রিত হয়ে শোভাযাত্রা শুরু হয়। রথযাত্রাটি দেওভোগ থেকে ২ নম্বর রেলগেট, চাষাঢ়া, কালীরবাজার, টানবাজার ও নিতাইগঞ্জসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরের আটটি মন্দিরের হাজার হাজার ভক্ত অংশ নেন। একই সময়ে জেলার বিভিন্ন উপজেলাতেও পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, ২ নম্বর রেলগেট, চাষাঢ়া ও কালীরবাজার এলাকায় ঢাক-ঢোলের তালে ভক্তরা রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। স্বেচ্ছাসেবীরা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন।
রথযাত্রায় অংশ নেওয়া অমিত কুমার বলেন, ‘ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের আশায় পরিবারের সদস্যদের নিয়ে রথযাত্রায় এসেছি। রথের দড়ি টেনে মনের বাসনা পূরণের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ কামনা করবো।’
আরেক ভক্ত রঞ্জিত মোদক বলেন, ‘ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের আশায় রথযাত্রায় অংশ নিয়েছি। এতে সুখ-সমৃদ্ধি আসে বলে আমাদের বিশ্বাস।’
শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের পুরীতে জগন্নাথদেবের রথযাত্রার সূচনা হলেও নারায়ণগঞ্জে ১১৭৩ বঙ্গাব্দে এই রথযাত্রা শুরু হয়। তৎকালীন মন্দিরের পুরোহিত ও সেবায়েত বেনুলাল ঠাকুর সর্বপ্রথম এই মন্দির থেকে রথযাত্রার প্রচলন করেন। পরে শহরের গলাচিপা রামকানাই, বলদেব, রাম-সীতা, বালাজিউরসহ বিভিন্ন মন্দিরেও রথযাত্রা শুরু হয়।’
তিনি বলেন, ‘রথের দড়ি টানলে ভক্তদের মনের বাসনা পূরণ হয়—এমন বিশ্বাস রয়েছে। প্রথম রথযাত্রায় জগন্নাথদেব মাসির (খালার) বাড়ি যান। নয় দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে তিনি মন্দিরে ফিরে আসেন।’
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন বলেন, ‘শহরের আটটি মন্দির থেকে রথযাত্রা বের হয়। এতে প্রায় অর্ধলাখ ভক্ত অংশ নেন। পুলিশ-প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্ন হয়েছে।’
তবে নারায়ণগঞ্জে রথযাত্রার সুনির্দিষ্ট শুরুর বছর সম্পর্কে নিশ্চিত নন জানিয়ে তিনি বলেন, ‘শত শত বছর ধরে এখানে রথযাত্রা হয়ে আসছে। তবে ঠিক কোন সাল থেকে শুরু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন।’
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।’









