গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংগঠন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণে নানা প্রস্তুতি নিয়েছে।
পহেলা বৈশাখে খুদে চারু শিল্পীরা এবার আলপনা, মুখোশসহ অন্যান্য প্রদর্শনীর মধ্য দিয়ে জেলার চিরায়ত রূপ ফুটিয়ে তুলবেন। চারু শিল্পীদের এসব শিল্পকর্ম গোপালগঞ্জ পৌর পার্কের শহীদ মিনার চত্বরে প্রদর্শন করা হবে। চারু শিল্পী কামরুজ্জামানের নেতৃত্বে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা গত ৭ এপ্রিল থেকে এ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এছাড়া, নববর্ষের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নতুন বছরকে বরণ করে নেবেন। এসময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রাও।
আরও পড়তে পারেন: পহেলা বৈশাখ উদযাপন করবে না সম্মিলিত সাংস্কৃতিক জোট
জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ বলেন, বর্ষবরণে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের উৎসাহে এবছর পৌর পার্কে চারু-কারু শিল্প প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এখানে বাঙালির কৃষ্টি-কালচার ফুটিয়ে তোলা হবে। পাশাপাশি থাকবে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
/এমও/








