ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে দুপুরে যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ‘পালকী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুররের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এলে চাকা বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস ‘পালকী’ পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পালকী পরিবহন এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখে। এ সময় দ্রুত গতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই ঘটে এ দুর্ঘটনা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।