নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।
উদ্ধার হওয়া তিন জন হলেন— হেলাল উদ্দিনের ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। পথে মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
এ সময় আট জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর একই পরিবারের হেলাল উদ্দিন, তার ছেলে সজীব, মেয়ে সামিয়া ও ছোট ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
শুক্রবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব, সামিয়া ও সামিনের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘নিখোঁজ চারজনের মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের লাশ উদ্ধারে অভিযান চলছে।’