গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ করেন, আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে চলে যেতে বললে পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার জন আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আহত লিপি আক্তার (৩৫) ও বাকপ্রতিবন্ধী বিলকিস (৩৬) রয়েছেন। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি। গত আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে গেলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে কারখানার সামনে অবস্থান নেয়। বিক্ষোভকারী শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকরা অভিযোগ করেন, চলতি মাসের আর তিন দিন বাকি আছে। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিলেও বেতন পরিশোধ করছে না। এতে খুব কষ্টে জীবনযাপন করছেন তারা।
ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা রেখা নাগ বলেন, বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ চেষ্টা করছে। গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন থাকায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এজন্য বেতন দেওয়া যাচ্ছে না।
গাজীপুর শিল্প অঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন শ্রমিকদের ওপর লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে বলেন, দৌড়াদৌড়ির করে যাওয়ার সময় পড়ে গিয়ে শ্রমিকেরা আহত হয়ে থাকতে পারেন।