মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার তেলগাতী গ্রামের মরহুম ইয়াকুব আলী শেখর ছেলে।
সোমবার (২ নভেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নূর আলম শেখ বিবাহিত এবং চার সন্তানের জনক। তিনি প্রায় ১৮ মাস ধরে টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও এলাকার একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি স্থানীয় এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সূত্রে শিশুটির মায়ের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে ওই গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় এক মাস আগে বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। পরে তিনি এলাকা ছেড়ে চলে যান। এরপরও ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে ধারণ করা ভিডিওটি অনলাইনে গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে পাঠান নূর আলম। পরে তার সঙ্গে দেখা করার জন্য চাপ দেন। দেখা না করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক অর্জুন কুমার দাশ বলেন, অভিযোগের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে রবিবার রাতে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে নূর আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।