
নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ১০টি বাড়ি ভাঙচুর করা হয়। রবিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নড়াইল সদর হাসপাতালসহ খুলনা ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারাপুর গ্রামের সাইফুল ইসলাম হিটু নৌকা প্রতীকে নির্বাচন করেন। একই গ্রামের বর্তমান চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দু’প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী উজ্জলের কাছে হেরে যান। হারের জন্য একে অপরকে দোষারোপ করেন। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হন। আহতদের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলুর পায়ের রগ কেটে দিয়েছেন প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নড়াইল সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাস বিশ্বাস জানান, ওই গ্রামের পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরের চিরিরবন্দরে জাপার ভরাডুবি
/এসটি/








