যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টু ওরফে ভূমিদস্যু মন্টুকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
শনিবার দুপুরে উপজেলার রামনাথপুর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। এ সময় যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
শুরুতে শহিদুল ইসলাম মিলন নামের এক ব্যক্তি স্থানীয়দের পক্ষ থেকে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। তিনি বলেন, উপজেলার চালুয়াহাটি ও ঝাঁপা ইউনিয়নের রামনাথপুর-মনোহরপুর ও চণ্ডিপুর এলাকার সাধারণ খেটে খাওয়া প্রায় দুইশ মানুষের দুইশ বিঘা আবাদি জমি মন্টু চেয়ারম্যান তার বাহিনী দিয়ে অবৈধভাবে দখল করে সেখানে ঘের নির্মাণ করছেন। এদের মধ্যে মাত্র ২০ জনের মত জমির মালিকের কাছ থেকে তিনি স্বাক্ষর করিয়ে নিয়েছেন। অন্যদের কেউ স্বাক্ষর করেননি। এখন অন্যদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য তারা সাদা কাগজ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বাক্ষর না দেওয়ায় সবাইকে ভয়ভীতি দেখানো হচ্ছে।
শহিদুল ইসলাম জানান, কোনোভাবেই এখানে ঘের করতে দেওয়া যাবে না। এমনিতেই বর্ষা মৌসুমে এই এলাকা পানিতে তলিয়ে যায়। এখানে ঘের করা হলে পুরো এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবে।
তিনি বলেন, আমরা চাই মন্টু চেয়ারম্যান যেন দ্রুত এসে ঘেরের পাড় ভেঙে জমি সমান করে দিয়ে যান। এ সময় স্থানীয় একজন নারী বলেন, মন্টু চেয়ারম্যানের লোকজন হুমকি দিচ্ছে, ১০ বছর পরে হলেও তারা আমাদের দেখে নেবে।
স্থানীয়দের দাবির মুখে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে বলেছি মামলা নেওয়ার জন্য। পুলিশ মন্টুকে ১ নম্বর আসামি করে মোট ১৩ জনের নামে মামলা নিয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে।
তিনি বলেন, আপনারা মন্টুকে যেখানে পাবেন, আমাকে খবর দেবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। মন্টুকে ধরিয়ে দিতে পারলে তাকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি বলেন, কেউ আপনাদের হুমকি দিলে পুলিশকে বলবেন, বাকি কাজ আমাদের। জনগণের পাশে জেলা পুলিশ রয়েছে।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, এলাকার জনগণের নিরাপত্তা ও শান্তির লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জনগণকে আশ্বস্ত করেন তিনি।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও এলাকার শতশত নারী পুরুষ সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সেলিম ওসমানের ব্যাপারে কঠোর মনোভাব সরকারের
/বিটি/








