যশোরের বেনাপোল সীমান্তে শনিবার সকাল থেকে বাড়তি সতর্কতা নির্দেশ জারি করেছে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময় দেশে লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য যাতে কোনওভাবেই বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত এলাকা দিয়ে দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে এই সতর্কতা জারি করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের লাগেজ ও কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ।
আরও পড়তে পারেন : বরগুনায় ‘রোয়ানু’র প্রভাবে বেড়িবাঁধে ভাঙন: ৩৫ গ্রাম প্লাবিত
এদিকে, যাচাই বাছাইয়ের আগে বেনাপোলের সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনও ধরনের অবৈধ অনুপ্রবেশ না হয় সেদিকে বিজিবি’র পক্ষ থেকে নজরদারি রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। এরমধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্য শরীফ, সেলিম, সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে যাতে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি।
উল্লেখ্য ওই ছয়জনকে ধরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অংকের মোট ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
/জেবি/টিএন/








