যশোর সদরের খাজুরা ভাটার আমতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গিয়াসউদ্দিন(৩০) নামে এক যুবলীগ নেতা আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত গিয়াস উদ্দিন ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
আহত গিয়াসউদ্দিনের অভিযোগ, আনারস প্রতীকের কাজ করায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন মণ্ডল তাকে হত্যা করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।
গিয়াস জানান, বাঘারপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবিলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সাইফুজ্জামান চৌধুরী ভোলার হয়ে কাজ করছেন তিনি। বুধবার রাত ৯টার দিকে তিনি নির্বাচনী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে খাজুরা ভাটার আমতলা এলাকায় পৌঁছুলে তাকে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় একটি বুলেট তার বাম পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের চিকিৎসক এম. আব্দুর রহিম জানিয়েছেন, গুলি আহতের হাড়ে গিয়ে আঘাত করেছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় তাকে রেফার করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান বাঘারপাড়া থানার ওসি ছয়েরউদ্দিন।
আরও পড়ুন: কুমিল্লায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ২
/এইচকে/








