সুন্দরবনে সব ধরনের পারমিট বন্ধের পরও অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক ছয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। বন আইনে মামলার পর শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী থেকে তাদের নৌকাসহ আটক করা হয়। তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেটকি, চিংড়ি, পোয়া, টেংরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৮০ কেজি মাছ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনার তালতলি উপজেলার সকিনা গ্রামের জাফর পেয়াদা, উত্তর জারাখালী গ্রামের নাসির, নিন্দ্রারচর গ্রামের দুলাল, ছোট আমখোলা গ্রামের আবুল ফজল, খুলনার নতুন বাজার এলাকার মোস্তাফা শেখ ও বাগেরহাটের মংলার জয়মনিঘোলের নজরুল গাজী।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের (ওসি) স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বনে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবনে সব ধরনের পারমিট বন্ধ। এরপরও অবৈধভাবে মাছ ধরছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত মাছ নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়েছে।








