সাতক্ষীরায় ১৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে শিশুর সংখ্যা সাত।
বুধবার সকালে শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সবাই চট্রগ্রাম ও কক্সবাজারে থাকেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে তারা বুধবার সকালে শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্পনগরী এলাকায় নামেন। এ সময় পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের মধ্যে খালেদুর রহমান নামের একজন রোহিঙ্গা দালাল রয়েছে।
ওসি বলেন, তাদেরকে ভারতে পাচার করা হচ্ছিল।
আটক রোহিঙ্গা সদস্য আনিসুর রহমান জানান, তাদেরকে দালাল খালেদুর রহমান সাতক্ষীরায় চিংড়ি ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে নিয়ে এসেছেন। তিনি আরও জানান, সাতক্ষীরার জনৈক হাসান তাদের কাজ দেবে বলে যোগাযোগ করেছিলেন।
ওসি আরও জানান, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
/এইচকে/








