জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের তৃতীয় দিনে খুলনায় ৯১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মী ১৩ জন। শনিবার ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে পুলিশ একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।
আটক হওয়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা হচ্ছেন মহানগরীর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হারুন অর রশিদ, দৌলতপুর থানা শিবিরের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াত সদস্য মিন্টু হোসেন ও মো. রুহুল আমিন, পাইকগাছার মহিউদ্দিন, দিঘলিয়ার আক্তার হোসেন, কয়রার তকিম উদ্দিন ও আনারুল ইসলাম, ডুমুরিয়ার হাফিজুর গাজী, মাজেদুল ইসলাম বাপ্পী, রিপন আহমেদ ও মিলন মোল্লা, রূপসার সেলিম সরদার।
এছাড়া মহানগর খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক নুর আলম শিকদার নামে একজনকে আটক করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মহানগর থেকে জামায়াত শিবির ও খেলাফত মসলিজের ৫ জনসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি রিভলবার ও গুলি উদ্ধার হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, জেলার ৯ থানা পুলিশ ঝড়-বৃষ্টির মধ্যে অভিযান করে ৬৮ জনকে আটক করেছে। এদের মধ্যে জামায়াতের নেতাকর্মী ৯ জন।
আরও পড়ুন: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক ১
/এসএনএইচ/টিএন/আপ-এআর/








