সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার দু’দিন পরও থানায় সোপর্দ না করায় তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অন্য ইউপি সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পতিত পাবন মণ্ডল।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৪ জুন ভোররাত ৪টার দিকে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর ও রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুকে তুলে নিয়ে যায় র্যাব-৬ এর সদস্যরা। বহু খোঁজখবর নেওয়ার পর জানা যায় তাকে খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে রাখা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও থানায় সোপর্দ না করায় তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে লাল্টুর পরিবার।
সংবাদ সম্মেলনে তার মুক্তির দাবি জানিয়ে বলা হয়, আব্দুল হামিদ লাল্টুর বিরুদ্ধে গুরুতর কোনও অভিযোগ নেই। যদি অভিযোগ থেকে থাকে, তবে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হোক। সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ লাল্টুর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার শেখ জাহাঙ্গীর আলী, ৫নং ওয়ার্ড মেম্বার হায়াত আলী, ৬নং ওয়ার্ড মেম্বার নুরুজ্জামান, মেম্বার মুহাসীন আলী, ৯নং ওয়ার্ড মেম্বার সোহরাব হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার তাসমিনা ও জয়নুর বেগম।
আরও পড়ুন:
মেহেরপুর পৌর মেয়রকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি
/বিটি/







