নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) পাচারকৃত ১৬ মেট্রিক টন চাল জব্দ করেছেন লোহাগড়া ইউএনও। বৃহস্পতিবার দুপুরে বড়দিয়া খাদ্যগুদামের সামনে থেকে দুস্থদের জন্য বরাদ্দ ৩২০ বস্তা চাল জব্দ করা হয়।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বড়দিয়া খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা জানান, কোটাকোল ইউপির জিআর এর চাল ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে বরাদ্দ না করে চাল খুলনার রূপসায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ট্রাকসহ চাল জব্দ করা হয়েছে।
ট্রাক চালক তরিকুল জানিয়েছেন, বড়দিয়া থেকে তাকে চালগুলো খুলনার রূপসায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু কে বা কারা চালগুলো খুলনায় নিয়ে যেতে বলেছেন, তাদের কোনও তথ্য দিতে পারেননি ট্রাক চালক তরিকুল।
খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি অস্বীকার করে মোবাইলে জানান, এ সময় অফিসের কাজে বাইরে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
/এনএস/
আরও পড়তে পারেন : গাছের সঙ্গে বেঁধে যুবককে পৈশাচিক নির্যাতন, সেনা সদস্য আটক








