
জঙ্গি হামলা ও নাশকতা প্রতিরোধে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দর, কেরু অ্যান্ড কোং, মন্দির, গির্জা, প্যাগোডা ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সড়ক পথে সিসি ক্যামেরাগুলো সচল করা হয়েছে এবং এলাকার সড়কের পাশের বনজঙ্গল কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সীমান্তের যেসব রুট দিয়ে চোরাকারবারিরা যাতায়াত করতো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী ছাড়া অন্য কারও প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের বিদেশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনা রেল স্টেশনে বিজিবি, জিআরপি পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল ইসলাম জানান, এ অঞ্চলের স্থাপনাগুলো মধ্যে কেরু অ্যান্ড কোম্পানি, মন্দির, গির্জা, প্যাগোডা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও সহ বেশ কিছু প্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালন লে. কর্নেল মোহাম্মদ আমীর মজিদ জানান, সীমান্তের ১২০ কিলোমিটার এলাকা জুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে। যে কোনও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি প্রস্তুত আছে।
/এসটি/








