সাতক্ষীরায় এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আশিকুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।
সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি মিঠুন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক আবু তাহের রাজুসহ কথিত ছাত্রলীগ নেতাদের কারণে শিক্ষার্থীরা অতিষ্ট। বিশেষ করে মেয়েদের তারা বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। কোনও ছেলে এর প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয়। এর আগেও একাধিক ঘটনার জন্য কলেজ প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। প্রতিবারই কলেজ প্রশাসন তাদের পক্ষ অবলম্বন করেছে। ছাত্রলীগের কলেজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে তারা অছাত্র বলে দাবি করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কলেজের এক ছাত্র এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে এসে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়। পরে বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
/জেবি/
আরও পড়তে পারেন : বঙ্গোপসাগরের মোহনায় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত








