যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক মানববন্ধনে অংশ নেওয়ার পর, প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডে দেশে একজন মানুষের গাত্রদাহ হয়, যে কারণে দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার বিকেলে শহরের গাড়িখানা রোডে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাজী নাবিল আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার ও সাজার রায় কার্যকর হচ্ছে, তখন বিএনপি-জামায়াত চক্র দেশে হত্যা-সন্ত্রাস চালাচ্ছে। দেশি-বিদেশি বিভিন্ন নামে ইসলাম ধর্মকে ব্যবহার করে বিদেশি মেহমানদের খুন করতেও কুণ্ঠাবোধ করছে না ওই চক্র।
ঢাকার কল্যাণপুরে জঙ্গি দমনের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারণে দেশ বড় ধরনের নাশকতা থেকে মুক্তি পেয়েছে। তাঁর দৃঢ়তার কারণে আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি-সন্ত্রাসীদের দমন করা সম্ভব হয়েছে। যারা দেশে ইসলামের নামে খুন, সহিংসতা ও নাশকতার কাজ করছে, তাদের এভাবেই কঠোর হস্তে দমন করা হবে।
মহানবী হজরত মুহম্মদ (দ.) মহৎ এবং বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন বলে মন্তব্য করে কাজী নাবিল বলেন, এক মহিলা তাঁর চলার পথে কাঁটা বিছিয়ে রাখলেও তার জন্য তিনি বদদোয়া করেননি। বরং সেই মহিলার অসুখ হলে খবর নিয়েছেন। অথচ, এদেশের কিছু বিপথগামী, ইসলাম ধর্মের নামে আমাদের দেশে ব্যবসায়ের জন্যে আসা বিদেশি মেহমানদের হত্যা করেছে।
তিনি আরও বলেন, ইসলাম কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। গুলশানের আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় যারা ধর্মের নামে মানুষ হত্যা করেছে, তারা মুসলিম না।
মানববন্ধনে কাজী নাবিল ছাড়া আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী রীগের নেতা হায়দার গণি খান পলাশ, আব্দার রহমান, মেহেদি হাসান মিন্টু, শ্রমিক লীগের সভাপতি কাজী আব্দুস সবুর হেলাল, মহিলা লীগ নেত্রী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা বেগম, লাইজু জামান, পৌর কাউন্সিলর মোকশিমুল বারী অপু, যুবলীগ নেতা মঈনউদ্দিন মিঠু, আলাউদ্দিন মুকুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
পরে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি মিছিল বের করা হয়।
/এইচকে/








