শোকের মাস আগস্টকে ম্লান করে খুলনার ডুমুরিয়া উপজেলায় গণসংবর্ধনা নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রবিবার উপজেলার বড় বাজারের কাপুড়িয়া পট্টিতে এ সংবর্ধনা দেওয়া হয়। বড় বাজার ধান-চাল ব্যবসায়ী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে, সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী হয়ে শোকের মাসে এ গণসংবর্ধনা গ্রহণকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে প্রতিমন্ত্রী বলেছেন, তিনি সংবর্ধনা নেননি, ভুল করে আয়োজন করা হয়েছিল। তিনি মূলত একটি উন্নয়ন প্রকল্পের নামফলক স্থাপন করতে গিয়েছিলেন।
জানা গেছে, ডুমুরিয়া বড় বাজারের কাপুড়িয়া পট্টিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এবং স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী হুমায়ুন কবীর বুলুকে রবিবার দুপুরে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক খান আবু বক্কর, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আছফর হোসেন জোয়ারদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, যুগ্ম সম্পাদক সরদার আবু সালেহ, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য ও শরাপপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি।
সংবর্ধনা অনুষ্ঠানের সময় সেখানে উৎসব মুখর পরিবেশ বজায় ছিল। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সবাই করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তাকে ক্রেস্ট উপহার দেওয়ার সময়ও মুহুর্মুহু করতালি এবং আনন্দঘন পরিবেশ তৈরি হয়। বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন বক্তব্যের মধ্যে করতালি দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানের পর সেখান থেকে বেশ কিছু দূরে প্রতিমন্ত্রী উন্নয়ন প্রকল্পের নামফলক স্থাপন করতে যান।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চলমান শোকের মাসে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রতিমন্ত্রী হয়েও গণসংবর্ধনা নেওয়ায় দলীয় নেতা কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ প্রশ্ন রেখেছেন, শোকের মাসে একজন প্রতিমন্ত্রীর সংবর্ধনা কেন?
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ভুল করে ব্যবসায়ীরা সংবর্ধনার আয়োজন করেছিল। তিনি মূলত ১৬০ কোটি টাকা ব্যয়ে বাজারের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের নামফলক স্থাপন করতে গিয়েছিলেন। তিনি সেখানে সংবর্ধনা নেননি বলে দাবি করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩ মে উপজেলার ২০৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শিক্ষকদের দেওয়া সংবর্ধনা গ্রহণ এবং রূপার নৌকা উপহার নেন। ওই ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হলে পরে তিনি নৌকাটি ফেরত দেন।
আরও পড়ুন:
নাম ও পোশাক বদলেও রক্ষা হলো না রাজশাহী পিস স্কুলের
/বিটি/







