ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহধর্মিনী ও নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট)। তাঁর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে নড়াইলের তুলারামপুরে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশন। কর্মসূচির মধ্যে রয়েছে নামসংকীর্তন, গীতাপাঠ, গীতাদান, অন্নদান, বস্ত্রদান ও তাঁর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা।
শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কার্তিক ঘোষ জানান, তুলারামপুরে শুভ্রার মামাবাড়িতে তাঁর (শুভ্রার) ইচ্ছায় নির্মিত শ্রীশ্রী গোপাল মন্দির ও কালি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার প্রয়াত শুভ্রা মুখার্জির আত্মার শান্তি কামনা করে পূজা অর্চনা, গীতাপাঠ ও নামসংকীর্তন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ৩টায় শুভ্রা মুখার্জির জীবন-কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমানের। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, যশোর-৪ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, পুলিশের খুলনা বিভাগের ডিআইজি এসএম মনির-উজ-জামান, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু।
শুভ্রা ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। মা মীরা রানী ঘোষ আর বাবা অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষ প্রণব মুখার্জির সঙ্গে প্রণয়ের পর ‘শুভ্রা মুখার্জি’ হিসেবে পরিচিতি পান। বিয়ের সময় শুভ্রার বয়স ছিল ১৪ বছর এবং প্রণব মুখার্জীর বয়স ছিল ২২ বছর। শুভ্রা মুখার্জি পেশায় ছিলেন অধ্যাপক।
শুভ্রা মুখার্জির আত্মীয় তুলারামপুর গ্রামের বিশ্বনাথ ঘোষ জানান, শুভ্রা ছোট বেলায় ছিলেন হাস্যোজ্জ্বল মিশুক প্রকৃতির। তুলশী তলায় গিয়ে নিয়মিত পূজা অর্চনা করতেন। তাঁর (শুভ্রা) শৈশবের কিছুকাল কেটেছে জন্মভিটা নড়াইলের ভদ্রবিলায়, আর বেশিরভাগ সময় কেটেছে মামাবাড়ি তুলারামপুর গ্রামে। শুভ্রা দিদি তুলারামপুরের মামা বাড়িতে থেকেই চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তারপর চলে যান ভারতে।
১৯৯৫ সালে নাড়ির টানে মেয়ে শর্মীষ্ঠা মুখার্জিকে নিয়ে শুভ্রা বেড়াতে এসেছিলেন জন্মভূমি নড়াইলে। ব্যস্ততা থাকার কারণে সে সময় শুভ্রার সঙ্গে আসতে পারেননি প্রণব মুখার্জি। ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্ত্রী শুভ্রা মুখার্জিকে সঙ্গে নিয়ে নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। হিন্দু ধর্মীয় রীতি ও আচারে জামাইবাবু প্রণব মুখার্জিকে সেদিন বরণ করে নেন শ্বশুরবাড়ির লোকজন। নড়াইলের এতিহ্যবাহী বিভিন্ন খাবার দিয়ে জামাইবাবুকে আপ্যায়ন করা হয়। দীর্ঘদিন পর পৈত্রিক বাড়িতে পা ফেলেই কেঁদে উঠেন শুভ্রা মুখার্জি। ভদ্রবিলার পৈত্রিক নিবাসে এখনো বসবাস করছেন শুভ্রা মুখার্জির ছোট ভাই কানাই লাল ঘোষ।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জীর স্মরণে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে তিনতলা বিশিষ্ট ভারত-বাংলাদেশ মৈত্রী ছাত্রী হোস্টেল, তুলারামপুরে দু’টি মন্দির এবং তুলারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করেছেন।
আরও পড়ুন-
‘পাকিস্তানি না, আমরা বাংলাদেশি হতে চাই’
চবি’র আরবি বিভাগের ৩১ শিক্ষার্থী নিখোঁজ
/এফএস/








