খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আবুল কালাম ফকির (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই তিনজনকে আটক করেছে।
নিহত আবুল কালাম ফকির ভান্ডারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন আবুল কালাম ফকিরের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় কালাম ফকিরের মাথায় ধারালো অস্ত্রেও একটি আঘাত লাগে। এতে তিনি গুরুতর জখম হন। তাকে প্রথমে ডুমুরিয়া হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এদিকে, ঘটনার পর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এরা হলেন স্থানীয় হাবিবুল খাঁ, মনিরুল খাঁ ও আসাবুল খাঁ। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর এদের আদালতে হাজির করে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর বলেন, কালাম ফকির ভান্ডারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। শুক্রবার সন্ধ্যার পর তিনি মাছের খাবার নিয়ে ঘেরে যাচ্ছিলেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা তার পথরোধ করে এবং পরিকল্পিতভাবে তার ওপর রড, চাইনিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে হামলা করে। হামলায় মারাত্মক জখম হয়ে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
আরও পড়ুন:
গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)
/বিটি/








