সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেদের বাড়ি মংলার চিলা, উলুবুনিয়া ও বাগেরহাটের রামপালে।
জেলে-মহাজন সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় শুক্রবার ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা জেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। দস্যুরা ট্রলারে থাকা বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ লুটে নেয়। এছাড়া জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
কোস্টগার্ড পশ্চিম জোন মংলার অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বলেন, ‘জেলে অপহরণের ঘটনা শুনেছি। সকাল থেকেই অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবন এলাকায় অবস্থিত কোস্টগার্ডের ১২টি স্টেশনে রেড এলার্ট জারি করা হয়েছে।’ দস্যুতা দমনে কোস্টগার্ডের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
আরও পড়ুন:
/বিটি/








